প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তা নদীসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়।
আজ দুপুরে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে চলমান নদী খনন কার্যক্রমের কথা তুলে ধরে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা কামনা করেন। তিনি বিশেষভাবে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।
জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ২০০৫ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণাভিত্তিক। তিনি বাংলাদেশের নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌপরিবহন উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন। পাশাপাশি বাংলাদেশি পানি বিশেষজ্ঞদের চীনে প্রশিক্ষণের আহ্বান জানান।
বৈঠকের শেষে চীনের পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি বই উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।