আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (১০ মার্চ) বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এ ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দৈনিক তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আগামী সপ্তাহের শেষের দিকে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।