ফিফা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে এ পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পুরো বাংলাদেশ এখন বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় তরুণরা ফুটবল উৎসব উপভোগ করলেও এরই মধ্যে বিশ্বকাপকে কেন্দ্র করে কয়েকটি সহিংস ঘটনার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, খেলা আনন্দের বিষয়। এটি নিয়ে সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক ও প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, তবে তা কোনোভাবেই সহিংসতায় রূপ নেওয়া উচিত নয়।
তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়, সেটি যেন আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার কারণে যেন আর প্রাণহানির ঘটনা না ঘটে।
প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও বিনোদনের বার্তা বহন করে। তাই বিশ্বকাপকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।