শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ অধ্যাদেশ অনুমোদন

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ, ২০২৬ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ, ২০২৬ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা নিশ্চিত করতে অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। এ দুটি প্রতিষ্ঠান পৃথক দুটি পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।

তবে অতীতে পরিচালনা পর্ষদের মাধ্যমে আইন লঙ্ঘন করে স্থায়ী তহবিলের অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা না রেখে বেসরকারি দুর্বল ব্যাংকে জমা রাখা, ভুয়া ইনডেক্স সৃষ্টি এবং একই ইনডেক্সের বিপরীতে একাধিকবার অবসর সুবিধা প্রদানের মতো গুরুতর অনিয়ম সংঘটিত হয়।

এ প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিশেষ নিরীক্ষার ব্যবস্থা করে। নিরীক্ষায় এসব অনিয়ম শনাক্ত হওয়ার পাশাপাশি বোর্ডের আয়-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব অস্থায়ী পদধারীর পরিবর্তে স্থায়ী পদধারী কর্মকর্তাকে দেওয়ার সুপারিশ করা হয়।

এরই ধারাবাহিকতায় প্রস্তাবিত অধ্যাদেশে স্থায়ী পদধারী কর্মকর্তা হিসেবে পরিচালককে পরিষদের সদস্য সচিব করার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি কিছু সংজ্ঞায় প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে।

যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিদ্যমান ২১ সদস্য বহাল রেখে আরও চারজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন—মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মনোনীত একজন কর্মকর্তা এবং অবসর সুবিধা বোর্ড/কল্যাণ ট্রাস্টের পরিচালক, যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

সম্পর্কিত