আগামী এক মাসের মধ্যে শিশু রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে মানবতা ও সামাজিক মূল্যবোধকে ধ্বংস করা হয়েছে, যার ফলেই আজকের সমাজে এ ধরনের নৃশংস ঘটনা ঘটছে। তিনি মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডকে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় বর্তমান সরকার কোনোভাবেই ছাড় দেবে না এবং এ ধরনের অপরাধ রোধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
তারেক রহমান বলেন, আগামী এক মাসের মধ্যেই রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
তিনি আরও বলেন, একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। একই সঙ্গে দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, সম্প্রতি তিনি রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোক প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, রোববার বিকেলে রামিসা হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।
নজরুল একাডেমি মাঠে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এতে বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।