সুবর্ণচর-হাতিয়ায় নদীভাঙন ঠেকাতে স্থায়ী উদ্যোগ এ্যানির

স্টাফ রিপোর্টার
 ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচর ও হাতিয়ায় মেঘনা নদীর তীব্র ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার (১৭ মে) দুপুরে তিনি সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালি বাজার ও আশপাশের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রী বলেন,

স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে আগামী অর্থবছর থেকেই ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি ভাঙনের ভয়াবহ চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করে বলেন, চোখের সামনেই বসতভিটা, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তিনি সরেজমিনে এলাকা পরিদর্শনে এসেছেন।

বর্ষা মৌসুমকে সামনে রেখে জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, ইতোমধ্যে ভাঙন রোধে ‘ইমার্জেন্সি ওয়ার্ক’ হাতে নেওয়া হয়েছে এবং আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ পয়েন্টে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে তিনি জানান, হাতিয়ার উড়িরচর, স্বর্ণদ্বীপ ও ভাসানচরসহ পুরো উপকূলীয় অঞ্চলে নদীভাঙন মোকাবিলায় বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে। তবে সুবর্ণচরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে।

স্টাডি রিপোর্ট শেষ হলে আগামী অর্থবছরের মধ্যেই স্থায়ী প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এ সময় মন্ত্রী দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

পরিদর্শনকালে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার এটিএম মোশাররফ হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত