রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

রোববার (৭ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু সাংবাদিকদের বলেন, ‘একটি নৃশংস শিশু হত্যাকাণ্ডে আদালত যে রায় দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট।’

এর আগে আদালত শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন।

রায়ের পাশাপাশি আদালত সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করেন। আদালতের আদেশ অনুযায়ী, জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের প্রদান করতে হবে।

রায়ে আরও বলা হয়, আসামিরা নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করে বিক্রির মাধ্যমে ওই অর্থ আদায় করে ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করতে হবে।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার শিকার হয়। ঘটনার পর দ্রুত তদন্ত সম্পন্ন করে আইনশৃঙ্খলা বাহিনী আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় আদালত এ মামলার রায় ঘোষণা করায় বিচারপ্রক্রিয়ার দ্রুততা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

সম্পর্কিত