শেখ হাসিনার সরাসরি দেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে আদালতের রায় হয়েছে। ফলে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে, কারাগারে যেতে হবে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী রায় কার্যকর হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকারের পাঁচটি স্তর রয়েছে। চলতি অর্থবছরের মধ্যেই সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি জানান, আগস্টের পর স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে বৈঠক করে স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালে সিসিক ও লাফার্জ সুরমা হোলসিমের যৌথ উদ্যোগে একটি প্রকল্প চালু হলেও তা পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি। এখন থেকে প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে পরিচালিত হবে।
তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে সিলেট নগরের বর্জ্য প্রক্রিয়াজাত করা হবে। প্লাস্টিকজাত বর্জ্য লাফার্জ সুরমা হোলসিম জ্বালানি হিসেবে ব্যবহার করবে এবং অবশিষ্ট বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
সিলেটকে দেশের অন্যতম পরিচ্ছন্ন নগর উল্লেখ করে মীর শাহে আলম বলেন, খাল খনন, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সিলেট সিটি করপোরেশন ভালো কাজ করছে।
এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।