রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলা, মাদক-স্মাগলিং নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার
 ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, স্মাগলিং ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ নিয়ে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। তিনি বলেন, এদিনের আলোচনার মূল বিষয় ছিল রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু আজকের আলোচ্যসূচিতে ছিল না। বরং ক্যাম্পের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং স্মাগলিং প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

মন্ত্রী বলেন, কক্সবাজারের টেকনাফ অঞ্চলে প্রায় ১২ থেকে ১৪ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক অবস্থান করছেন, যা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় একটি বিশেষ পরিস্থিতি তৈরি করেছে। এই বাস্তবতায় ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি আরও জানান, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এই সেলের মাধ্যমে ক্যাম্পের ভেতরে ও বাইরে কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এছাড়া কুমিল্লার একটি বাসস্ট্যান্ডকেন্দ্রিক ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং নির্ধারিত ভাড়া তালিকা প্রকাশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সম্পর্কিত