রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী ১ জুন শুরু হবে।
রোববার (২৫ মে) বিকেলে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে সেদিনই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।
একইদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান আদালতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের পর হত্যা এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। ৪৭ পৃষ্ঠার অভিযোগপত্রে মোট ১৫ জনকে সাক্ষী করা হয়েছে।
পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক মামলাটি পরবর্তী বিচার কার্যক্রমের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।
এদিন সকালে দুই আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।
গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। গত ২১ মে মামলায় সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।