দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ান শহর থেকে বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে যাত্রা করে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিং পৌঁছান।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ানে অনুষ্ঠিত World Economic Forum-এর আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।

সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ ও গণমাধ্যম সংশ্লিষ্ট ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোস’-এ বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও জোরদার করতে সহায়ক হবে।

উল্লেখ্য, গত সোমবার (২২ জুন) মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্পর্কিত