বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন-এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আইনমন্ত্রী বলেন,
রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার সচেতন এবং ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এর আগে অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠন করেছিল, যার সুপারিশ অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।
তিনি আরও জানান, চলতি বছরের ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যারা হয়রানিমূলক রাজনৈতিক মামলা চিহ্নিত করে সুপারিশ করবে।
পাশাপাশি ৮ মার্চ ২০২৬ তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জেলা পর্যায়ের সুপারিশ যাচাই-বাছাই করে মামলা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
মন্ত্রী বলেন, হত্যা মামলা ছাড়া অন্যান্য রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে তা পর্যালোচনা করা হবে। প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।