প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে বিদ্যুৎ সাশ্রয় উদ্যোগ চালু

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করেছেন। কৃচ্ছতা ও শক্তি সাশ্রয়ের অংশ হিসেবে তিনি তার নিজ দপ্তরে ৫০ শতাংশ লাইট এবং ৫০ শতাংশ এসি ব্যবহার কমানোর নির্দেশ দিয়েছেন।
এ নির্দেশনা ইতোমধ্যেই সচিবালয়ের ১ নম্বর বিল্ডিংয়ের প্রধানমন্ত্রীর ২০১ নম্বর রুমসহ সব কক্ষে বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, দিনের বেলা রুমের জানালার পর্দা খোলা রাখার মাধ্যমে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে, যাতে কম বিদ্যুত খরচ হয়।
আতিকুর রহমান রুমন জানান, এই পদক্ষেপের প্রভাব কেবিনেট মিটিংতেও দেখা গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্ধেক লাইট এবং এসি ব্যবহার করেই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে দেশের সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিস, আদালত, শপিংমল, বাণিজ্যিক কার্যালয় ও আবাসিক স্থাপনায় এই বিদ্যুৎ সাশ্রয় উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি সকলকে অপচয় রোধে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন।
এছাড়াও, আজকের কেবিনেট মিটিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিশেষজ্ঞ টিমের মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দেশের জ্বালানি ও বিদ্যুত সাশ্রয় নিশ্চিত করতে।

সম্পর্কিত