সংসদের প্রথম অধিবেশনে ইউনূসসহ বিশিষ্টজনদের উপস্থিতি

স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভিভিআইপি গ্যালারিতে উপস্থিত বিশিষ্ট অতিথিরা। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভিভিআইপি গ্যালারিতে উপস্থিত বিশিষ্ট অতিথিরা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। এদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ চারপাশের দর্শক গ্যালারিগুলোতে উপস্থিত হন আমন্ত্রিত অতিথিরা।

দর্শকসারিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জুবাইদা রহমান ও জাইমা রহমানের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এবং সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দেখা যায়।

ভিভিআইপি লাউঞ্জের ডান পাশের গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দবানু, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান সিঁথি, বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দু।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

ভিভিআইপি লাউঞ্জের বাম পাশের গ্যালারিতে বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উল্লেখযোগ্য।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশায় করে হাসপাতালে নেওয়া রিকশাচালক নুর মুহাম্মদও গ্যালারিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশনে বিশিষ্ট নাগরিক, কূটনীতিক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।

সম্পর্কিত