জ্বালানি অজুহাতে ভাড়া-পণ্যমূল্য বাড়ানোর সুযোগ নেই: মন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ছবি: বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে বাসভাড়া বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি এ বিষয়ে বাজার ও পরিবহন খাতে কঠোর নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় চিত্তরঞ্জন কটন মিল সংলগ্ন নবনির্মিত নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের পর শিল্প কারখানাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তাই শুধুমাত্র জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে—এমন ধারণা সঠিক নয়। বরং বিশ্ববাজারের মন্দাভাবই রপ্তানি কমার অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের প্রতি জ্বালানি-নির্ভর শিল্পের পরিবর্তে কম জ্বালানি সাশ্রয়ী শিল্প স্থাপনের আহ্বান জানান মন্ত্রী।

বিটিএমসির শিল্প প্লট প্রসঙ্গে তিনি বলেন,

ইতোমধ্যে দুটি প্লটে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও দুটি প্লট একই প্রতিষ্ঠান নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। বাকি প্লটগুলোতে স্থানীয় কিছু দখল সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করে বিনিয়োগের পথ সুগম করা হবে।

পরিদর্শনকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত