নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো ঘাটতি নেই: ড. সালেহউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় বক্তব্য দেন ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: দৈনিক নতুনচাঁদ
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় বক্তব্য দেন ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: দৈনিক নতুনচাঁদ

অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো ঘাটতি নেই। প্রশাসন কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে কাজ করছে না এবং ভবিষ্যতেও করবে না। জনগণ যেন সমান সুযোগ পায়, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘটনায় নির্বাচনের পরিবেশে কোনো প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন,

এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে। তিনি জানান, আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। এরপর যেকোনো সভা-সমাবেশ নির্বাচন কমিশনের আইন ও বিধিমালার আওতায় পরিচালিত হবে।

গণভোট প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন, অনিয়ম ও দুর্নীতি দূরীকরণ এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবির পক্ষে গণভোটে সকল নাগরিকের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি সবাইকে সচেতনভাবে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান।

অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন,

গত ১৫ বছরের তুলনায় বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত। সেই সময় দেশের আর্থিক খাত ছিল চরম বিপর্যস্ত অবস্থায়। বর্তমান সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। এরই মধ্যে পাঁচটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশ্বস্ত করে বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সকল গ্রাহকই তাদের আমানতের অর্থ পাবেন, যদিও পুরো প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে। পাশাপাশি বেসরকারি ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন,

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়েই সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসার সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, পুলিশ সুপার মো. আবু তারেক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ, সেনাবাহিনীর মেজর রাহাত খান, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামসহ অন্যান্য অতিথিরা।

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ, সাংবাদিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত