ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে দাতা সংস্থার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো সরকারি দপ্তরগুলোর ধীরগতির সেবা। বিনিয়োগকারীরা দ্রুত সমাধান চান, কিন্তু তা না পাওয়ায় অনেকেই হতাশ হচ্ছেন।
তিনি আরও জানান, সরকার আমলাতন্ত্রকে আরও গতিশীল করতে কাজ করছে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিচ্ছে। সৌরবিদ্যুৎ সম্প্রসারণ এবং গ্যাস ও তেল উত্তোলনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এ খাতে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। রাজনৈতিক সমস্যাগুলো পুরোপুরি না কাটলেও আগের তুলনায় পরিস্থিতি উন্নত হয়েছে। স্থিতিশীলতা বজায় থাকলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে।
রোহিঙ্গা ইস্যুকে দেশের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, সরকার এ সমস্যার সমাধানে কাজ করছে এবং প্রতিবেশী ও বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে।