গ্যাস সংকটে এলপিজি কার্ড চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্যাসের সমস্যা সমাধানে সরকার ‘এলপিজি কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি সাধারণ ও নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি এলপিজি কার্ডও দেওয়া হবে।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশীতে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রান্নার ক্ষেত্রে মা-বোনদের অনেক কষ্ট করতে হয়—গ্রাম হোক বা শহর, এই সমস্যা সর্বত্রই রয়েছে। এ কষ্ট লাঘবে এলপিজি গ্যাস সরাসরি তাদের কাছে পৌঁছে দিতে এলপিজি কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যেমন সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চলছে, তেমনি এলপিজি কার্ডের মাধ্যমেও পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে, যাতে রান্নার কাজে ভোগান্তি কমে।

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব গ্রামে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে মেয়েদের শিক্ষাব্যবস্থা ডিগ্রি পর্যায় পর্যন্ত বিনামূল্যে করার পরিকল্পনার কথাও জানান তিনি। ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে।

এর আগে তিনি মাটি কেটে উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। স্থানীয়রা আশা করছেন, খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

সম্পর্কিত