ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একক দলের কৃতিত্ব নয়, বরং দেশের গণতন্ত্রকামী সব মানুষের সম্মিলিত অবদানের ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করে অন্যদের খাটো করার অপচেষ্টা থেকে বিরত থাকা উচিত।
শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ’ শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কারাবরণ করেছেন এবং নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন। একইভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘ সময় নির্বাসিত জীবন কাটিয়েছেন।
তিনি বলেন, ব্যক্তিগত ত্যাগকে সামনে এনে তারা কখনো নিজেদের একক কৃতিত্ব দাবি করেননি। নিজেকে জাহির করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। যারা আজ একক কৃতিত্বের দাবি করছেন, জনগণ একদিন তাদের প্রত্যাখ্যান করবে এবং ইতিহাসেও তাদের যথাযথ মূল্যায়ন হবে না।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সহায়তা করেছেন। অনেক সাংবাদিক নিজেদের মোটরসাইকেল ও গাড়িতে করে নেতাকর্মীদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। এ জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।