জুলাই স্মৃতি জাদুঘর চালুর প্রস্তুতি শেষ: সংস্কৃতি মন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
ছবি: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী

জুলাই স্মৃতি জাদুঘর চালুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি জানান, জাদুঘর পরিচালনার জন্য নতুন কমিটিও গঠন করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধনের তারিখসহ বিস্তারিত তথ্য জানানো হবে।

শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই স্মৃতি জাদুঘরের কার্যক্রম প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। বর্তমানে নতুন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে জাদুঘরের কার্যক্রম পুনর্গঠন করা হয়েছে। এ বিষয়ে সংসদেও সিদ্ধান্ত হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি বলেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং হারিয়ে যাওয়া ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধারে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রত্নসম্পদ সংরক্ষণ, জাদুঘরের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

এ সময় মন্ত্রী অভিযোগ করে বলেন, বিগত বছরগুলোতে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ব্যাংক ও বীমা খাতেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে নিতাই রায় চৌধুরী ময়নামতি জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং শালবন বিহারের সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত