অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর কেবল একটি স্থাপনা নয়; এটি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। নতুন বাংলাদেশের পথচলা এখান থেকেই শুরু হবে। ভবিষ্যতে দেশ পথ হারিয়ে ফেললে আবারও এই জাদুঘর থেকেই নতুন যাত্রা শুরু করতে হবে।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। ভবিষ্যতে কোনো সময় দেশ তার পথ হারিয়ে ফেললে নতুন বাংলাদেশের যাত্রা আবারও এই জাদুঘর থেকেই শুরু হবে।
তিনি বলেন, জুলাইয়ের স্মৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের তরুণরাই যেন এই স্মৃতির লেখক হয়ে ওঠে এবং নতুন বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেয়—এ প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।
ড. ইউনূস আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার যাত্রায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জুলাইয়ের আন্দোলন, আত্মত্যাগ ও গণমানুষের অংশগ্রহণের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রেরণা দেবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবার প্রতি জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।