বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধি দল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক ইস্যুতে আলোচনা করবেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডা. শফিকুর রহমানের সঙ্গে প্রতিনিধিদলে আরও থাকবেন- নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া এবং আগামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত নেতাদের আলোচনা হতে পারে।