জামালপুর রেলস্টেশন থেকে ট্রেনে ভুলবশত ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগ উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯। বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে মারুফ হোসেন মুন্না ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে জয়দেবপুর থেকে উঠে জামালপুরে নামার পর তিনি অসাবধানতাবশত তার ট্রাভেল ব্যাগ ‘ঘ’ বগির ৩২ নম্বর সিটের ওপরেই রেখে যান। ব্যাগটিতে ছিল নতুন বানানো স্বর্ণের কানের দুল, রুপার নূপুর, প্রয়োজনীয় কাগজপত্র এবং কাপড়-চোপড়।
৯৯৯-এর কলটেকার পুলিশ সদস্য তুষার মামুন কল গ্রহণ করে বিষয়টি রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও দেওয়ানগঞ্জ রেলওয়ে থানায় জানান। উদ্ধারের কার্যক্রমের তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই হরলাল রায়।
পরবর্তী সময়ে ট্রেন দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছালে রেলওয়ে থানা থেকে একটি দল ‘ঘ’ বগি থেকে ব্যাগটি উদ্ধার করে এবং মুন্নার হাতে ফেরত দেয়। মুন্না ব্যাগটি ফিরে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।