ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।
সোমবার সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় তারা নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
বিক্ষোভকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। কিন্তু পুলিশ অযৌক্তিকভাবে বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান অতীতে বিতর্কিত গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং তার নিয়োগের ফলে ব্যাংকে অনিয়ম ও লুটপাটের আশঙ্কা রয়েছে। এ কারণেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।
পুলিশ প্রথম দফায় আন্দোলনকারীদের সরিয়ে দিলেও পরে তারা আবারও ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন এলাকায় অবস্থান নেন। ঘটনার পর ব্যাংকের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।