ইসলামী ব্যাংক মানববন্ধনে আহত ২৩ জনের তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আহতদের একটি তালিকা প্রকাশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সংগঠনটির দাবি, এ ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১ জুন) প্রকাশিত তালিকায় বলা হয়, মতিউর রহমানের পায়ে সাউন্ড গ্রেনেডের আঘাতে গিরা ফেটে গেছে। মো. সোহেলের বাম কানে সাউন্ড গ্রেনেডের স্প্রিংয়ের আঘাতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে এবং সেখানে পাঁচটি সেলাই দিতে হয়েছে। জহির উদ্দিন বাবরের পিঠে সাউন্ড গ্রেনেডের আঘাতে জখম হয়েছে।

এছাড়া ইব্রাহিমের পায়ে সাউন্ড গ্রেনেডের স্প্রিংয়ের আঘাতে গিরা ফেটে গেছে। মো. সেহেল, শহিদুল্লাহ, সোহাগ, জামাল উদ্দিন এবং জহির আহমেদ পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

তালিকা অনুযায়ী, ওমর ফারুকের পায়ে সাউন্ড গ্রেনেডের স্প্রিংয়ের আঘাতে গুরুতর ক্ষত হয়েছে। একই সঙ্গে তার হাতে লাঠিচার্জের আঘাত রয়েছে। ইকবাল হোসেনের পায়ে সাউন্ড গ্রেনেডের আঘাতে জখম হয়েছে। দেলোয়ার হোসেনের কানে আঘাত লাগায় সেখানে পাঁচটি সেলাই দিতে হয়েছে।

আহতদের তালিকায় আরও রয়েছেন জামাল উদ্দিন মোবারক, মো. মজিবুর রহমান, মো. সোহাগ, জুয়েল রানা, আতিকুর রহমান, মিকাইল ইসলাম, রেজাউল করিম, হাবিবুর রহমান ও নুর মোহাম্মদসহ আরও কয়েকজন।

গ্রাহক ফোরাম জানিয়েছে, আহতদের মধ্যে ফারুক-ই-আজম মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংগঠনটি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে সোমবার রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি সকাল সাড়ে ৯টার দিকে ঘটে।

সম্পর্কিত