রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির বিশেষ সাংবিধানিক সুরক্ষা রয়েছে। ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মো. সাহাবুদ্দিন স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের আমলে সংবিধান ও বিধিবিধান অনুসারে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এ সময়ে সরকার তার সহযোগিতা পেয়েছে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে বিশেষ সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি ভোগ করেন। তাই তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না।

রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ যদি এ বিষয়ে বক্তব্য দিয়ে থাকেন, সেটি তাদের মতপ্রকাশের স্বাধীনতার অংশ। তবে সরকার এসব বক্তব্য আমলে নেওয়ার মতো কিছু দেখছে না।

তিনি আরও বলেন, শারীরিক অসুস্থতার কারণে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগের বিধান রয়েছে এবং স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পুরো বিষয়টি আইনি প্রক্রিয়া অনুসারেই সম্পন্ন হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে মানুষের মতপ্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা রয়েছে। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা, মো. সাহাবুদ্দিন তা পাবেন।

তিনি আরও বলেন, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারেন। তবে সরকার এসব অভিযোগে আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখছে না।

সম্পর্কিত