রামিসা হত্যা মামলায় সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মামলায় প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে সরকার প্রত্যাশা করছে।

রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যা মামলার বিচারকার্যে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় যেসব তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তাতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। এ বিষয়ে বিরোধী দল পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। সরকার এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

মাদক প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সবার দায়িত্ব। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির বিষয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে এবং ধাপে ধাপে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে।

আইনমন্ত্রী আরও জানান, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সরকারি ভাতার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক নোমান হোসেন এবং শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পর্কিত