হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৫৫ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাবেই গড়ে প্রতিদিন অন্তত ছয়জন শিশু মারা যাচ্ছে। তবে গত এক সপ্তাহে এই সংখ্যা বেড়ে গড়ে প্রতিদিন প্রায় ১০ জনে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতিতে শিশুমৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হলেও রংপুর বিভাগে তুলনামূলকভাবে কম ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গত শনিবার একদিনেই আরও ৯ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে মারা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়।
রিট আবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রাষ্ট্রীয় সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে এই সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।