বিগত ১৭ বছরের দুর্নীতি ও অবহেলার কারণে দেশের স্বাস্থ্য খাতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দুর্নীতির সেই বৃত্ত থেকে বেরিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার।
বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতালের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব হাসপাতালের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের টেন্ডারও সম্পন্ন হয়েছে। আগামী চার থেকে ছয় মাসের মধ্যে হাসপাতালগুলো উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রতিটি হাসপাতালে আধুনিক নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে শয্যাসংখ্যা বৃদ্ধির সুযোগ রাখা হবে। প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হওয়ায় সময় লাগতে পারে। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাসপাতালগুলো চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, প্রতিটি হাসপাতালে প্রায় এক হাজার ৪৭৫ জন জনবল প্রয়োজন হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। জনবল অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক কোড নিয়ে নিয়োগ কার্যক্রম শুরু হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের আবাসন সংকট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা মানবেতর পরিবেশে বসবাস করছেন। এ সমস্যা সমাধানে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে নতুন আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের দরপত্র শিগগিরই আহ্বান করা হবে এবং আগামী জুলাইয়ে এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
মিডফোর্ড হাসপাতালের কয়েকটি ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, অবৈধভাবে সাবলেট দেওয়া স্থাপনাগুলো উচ্ছেদ করে ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা করা হবে। পরবর্তীতে সেখানে নতুন হাসপাতাল ভবন নির্মাণ করা হবে।
এ ছাড়া চীনের অর্থায়নে দেশের পাঁচটি বড় শহর বা শহরসংলগ্ন এলাকায় এক হাজার শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত নারী হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। সরকারের আশা, চলতি অর্থবছরের মধ্যেই এ প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের নতুন ভবন আগামী ১৫ আগস্ট উদ্বোধনের প্রস্তুতি চলছে। নতুন ভবনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল প্রস্তুতের কাজ প্রায় সম্পন্ন হয়েছে।