বর্তমান সরকার সব প্রতিবন্ধী ব্যক্তিকে পুনর্বাসন করে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে দৃষ্টি প্রতিবন্ধী নারী শারমিন আক্তারের হাতে প্রতিশ্রুতি অনুযায়ী এসেনশিয়াল ড্রাগসে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারে আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের যোগ্যতা অনুযায়ী সহায়তা দেওয়া হচ্ছে। কাউকে মাসিক ভাতা, কাউকে যোগ্যতা অনুযায়ী চাকরি এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইলচেয়ারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে প্রতিষ্ঠিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। যেখান থেকে যে ধরনের সহযোগিতার আবেদন আসে, তা যথাযথ মর্যাদার সঙ্গে বিবেচনা করার চেষ্টা করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সম্প্রতি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় শারমিন আক্তার নামে এক দৃষ্টি প্রতিবন্ধী নারী তার কাছে সহযোগিতা চান। পরে তিনি জানতে পারেন, শারমিন জন্মগতভাবে দুই চোখে দৃষ্টি প্রতিবন্ধী।
তিনি বলেন, বিষয়টি তার কাছে অত্যন্ত কষ্টদায়ক মনে হয়েছে। শারমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি চাকরির আবেদন করলে তাকে সহায়তার আশ্বাস দেওয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী আজ শারমিন আক্তারের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। তিনি এসেনশিয়াল ড্রাগসে কনিষ্ঠ কর্মকর্তা হিসেবে যোগ দেবেন। আগামী ২ আগস্ট তিনি চাকরিতে যোগদান করবেন।
তিনি আরও জানান, শুরুতে তাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময় পর তার চাকরি স্থায়ী করার বিষয়টি বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী নিজ হাতে শারমিন আক্তারের কাছে নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপত্র পেয়ে শারমিন আক্তার প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং বর্তমান সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।