আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘বইলা গেছে হাদি, আমার হত্যার বিচার চাই’সহ নানা স্লোগান দেওয়া হয়।
হাদি সমাবেশের ঘোষণা দিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আয়োজিত এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। সমাবেশের নির্দিষ্ট তারিখ ও সময় পরে জানানো হবে। তিনি বলেন, এই সমাবেশ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হবে—দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কাজ করবে, তারা দেশের মাটিতে কোনোদিন আশ্রয় পাবে না।
সব রাজনৈতিক দলকে এই সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, সমাবেশের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হবে। এরপর ইনসাফের দাবিতে ৩০০ সংসদীয় আসনে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, তারা শুধু ন্যায়ের পক্ষে অবস্থান নেবে।
চার্জশিট প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের বলেন, ঘটনার দিন একাধিক টিম সক্রিয় থাকলেও চার্জশিটে কেবল সরাসরি হামলাকারীদের নাম এসেছে। অন্যদের ভূমিকা কী ছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, যারা ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসবেন, তাদের স্পষ্টভাবে হাদি হত্যার বিচারের পক্ষে অবস্থান নিতে হবে। অন্যথায় জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে।