১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য সরকারের

স্টাফ রিপোর্টার
 ছবি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
ছবি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে জ্বালানির প্রয়োজন হয় না, ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গ্রামের অধিকাংশ মানুষ মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেন না। তাই যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। প্রান্তিক মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী করা হবে। সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়লে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করছেন। এ লক্ষ্যেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ডও দেওয়া হয়েছে, যাতে তারা প্রয়োজনীয় সহায়তা পান।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সম্পর্কিত