আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন চুক্তি পুনর্বিবেচনায় সরকার: এ্যানি

স্টাফ রিপোর্টার
 ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সম্পর্কিত বিদ্যমান চুক্তি ও সমঝোতাগুলো পর্যালোচনা করছে সরকার বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এটি নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত রয়েছে।

রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

পানিসম্পদমন্ত্রী বলেন, আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সংক্রান্ত বর্তমান চুক্তি ও সমঝোতা পর্যালোচনা করে নতুন চুক্তি স্বাক্ষর, যৌথ নদী কমিশনকে আরও শক্তিশালী করা এবং অববাহিকাভুক্ত দেশ ভারত, নেপাল, ভূটান ও চীনের সমন্বয়ে সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, উজানের দেশগুলো আন্তঃসীমান্ত নদীর ওপর বিভিন্ন অবকাঠামো নির্মাণ করায় শুকনো মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ কমে যাওয়ার বিষয়টি বাস্তব। পাশাপাশি প্রাকৃতিক পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনের কারণেও উজানে পানির প্রাপ্যতা হ্রাস পাচ্ছে।

একই প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে জুন মাস পর্যন্ত ৩৬৬ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। এছাড়া আগামী পাঁচ বছরে ৯ হাজার ৪৬ কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নুরুল ইসলাম-এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ, কৃষি, মৎস্য, পরিবেশ এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবায়নযোগ্য। প্রকল্পটি দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থ বিবেচনায় অনুমোদন দেওয়া হয়েছে এবং বাস্তবায়নে বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ করা হয়েছে।

এদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে মাছের বার্ষিক চাহিদা ৩৮ দশমিক ৯ লাখ মেট্রিক টন হলেও উৎপাদন হয়েছে ৫১ দশমিক ১১ লাখ মেট্রিক টন। ফলে মাছ উৎপাদনে বাংলাদেশ বর্তমানে স্বয়ংসম্পূর্ণ।

তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরে ৪৮১ কোটি টাকার ৬৬ হাজার ৬৪৯ মেট্রিক টন এবং ২০২৪-২৫ অর্থবছরে ৪৭৫ কোটি টাকার ৫৫ হাজার ৫৪ মেট্রিক টন মাছ আমদানি করা হয়েছে। এছাড়া দেশে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন।

সম্পর্কিত