জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে আগ্রহী সরকার

স্টাফ রিপোর্টার
 ছবি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
ছবি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকার বেসরকারি বিনিয়োগবান্ধব। বিশেষ করে জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার আগ্রহী।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সংকটময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে অনেকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। দেশের সংকট আরও বাড়িয়ে দিয়ে কেউ কোনো সুবিধা নিতে পারবেন না বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, অতীতের সরকার উন্নয়নের কথা বলে ১৬ বছর ক্ষমতায় ছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা গেছে, যেখানে অর্থ উপার্জনের সুযোগ ছিল, সেখানেই উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।

গ্যাস সংকট প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ার পর সারাদেশে গ্যাসের জন্য সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শিল্পমালিকদের সঙ্গে আলোচনা করা হবে। দেশের শিল্পমালিকরা যাতে সংকটে না পড়েন, সে বিষয়ে সরকার নজর রাখছে বলেও জানান তিনি।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে সতর্কতার সঙ্গে এগোনোর কথা জানিয়ে মন্ত্রী বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে অনেক অর্থায়ন বন্ধ হয়ে গেছে। তাই এ খাতে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সতর্ক হতে হবে।

সৌরবিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, সরকার সৌরবিদ্যুতের ক্ষেত্রে আগ্রাসীভাবে এগোতে চায়। সৌরবিদ্যুৎকে ব্যবসাভিত্তিক করার লক্ষ্যে ইতোমধ্যে কাজ করা হয়েছে এবং দুই মাসের মধ্যে এ বিষয়ে নীতি তৈরি করা হয়েছে। নীতিতে যা বলা হয়েছে, সেটিই বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী জানান, পরিচালন ব্যয়ভিত্তিক মডেলে ঢাকা শহর থেকে শুরু করে সারাদেশে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

সম্পর্কিত