যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত শেষে বৃহস্পতিবার বিকেল থেকে আবার গ্যাস সরবরাহ শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আশা প্রকাশ করেছেন, এফএসআরইউ চালু হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, এফএসআরইউ মেরামতের কাজ বিকেলের মধ্যে শেষ হবে। এরপর গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে কমে যাওয়া গ্যাসের চাপ স্বাভাবিক হবে।
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে জানতে চাইলে তিনি বলেন, পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। এফএসআরইউ বন্ধ হওয়ার আগে যে অবস্থায় ছিল, আবারও সেই অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়ার বিষয়ে মন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো আবার চালু করা হবে। গ্যাসের সংকটের কারণে সাধারণ মানুষ ও বিদ্যুৎকেন্দ্র—দুই জায়গাতেই সমস্যার সৃষ্টি হয়েছে।
বিদ্যুতের অতিরিক্ত বিলের অভিযোগ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, অতিরিক্ত বিলের অভিযোগ থাকলেও যাচাইয়ের জন্য অনেক সময় গ্রাহকরা বিল উপস্থাপন করেন না। তিনি বলেন, বিদ্যুতের ব্যবহার অনুযায়ী বিল আসছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে।
মন্ত্রী জানান, মার্চ ও জুন মাসের আবহাওয়ার পার্থক্য এবং বিদ্যুতের ব্যবহারের পরিবর্তনের কারণে অনেকের বিল বেশি এসেছে। তিনি বলেন, একাধিক বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করলে স্বাভাবিকভাবেই বিদ্যুৎ খরচ বাড়বে।
ভারতের সঙ্গে জ্বালানি বিষয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে নিয়মিত বৈঠক হয়। বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে থাকা পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের বিষয়েও আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।
শেখ হাসিনার দিল্লিতে বক্তব্য দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী এ বিষয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন। তবে তিনি বলেন, সাবেক সরকার দেশকে অনেক ক্ষতির মুখে ফেলে গেছে।