সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী নির্ধারিত সব সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের সময় এবং বর্তমান সরকারের সময় সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তিনি বিধি-বিধান অনুসরণ করেছেন এবং সরকার তার সহযোগিতা পেয়েছে।
রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্য আমলে নেওয়ার মতো নয়।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালে সংবিধান অনুযায়ী বিশেষ সাংবিধানিক সুরক্ষা ভোগ করেন। দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে ফৌজদারি বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। বিধান অনুযায়ী ছয় মাসের নিরাপত্তা সুরক্ষা থাকবে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য সংস্থার পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।