অর্থমন্ত্রী: বিএনপির ইশতেহার বাস্তবায়ন ও খরচ কমাতে পদক্ষেপ

স্টাফ রিপোর্টার
 ছবি: আমির খসরু মাহমুদ চৌধুরী
ছবি: আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিকভাবে খারাপ অবস্থার উত্তরণের জন্য বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে। তিনি জানান, বিভিন্ন সংস্কার কর্মসূচি কার্যকর করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দক্ষিণ এশিয়া প্রতিনিধি দলের প্রধান কৃষ্ণ শ্রীনিবাসন এর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসা সহজ করা, খরচ কমানোসহ নানা পদক্ষেপ নিচ্ছে, যা বাজেট বাস্তবায়নে প্রতিফলিত হবে। তিনি জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ সংস্থানের বিষয়েও আলোচনা হয়েছে এবং আশা প্রকাশ করেন, ওয়াশিংটনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সঠিক সময়ে ব্যবস্থা নেওয়ায় যুদ্ধের কারণে জ্বালানি সংকট থাকা সত্ত্বেও ঈদে পরিবহন ও দ্রব্যমূল্যে সমস্যা হয়নি। তিনি সবাইকে সংযমী ও সহানুভূতিশীল থাকার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে। সংকট মোকাবিলায় খরচ কমানোসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইএমএফের অর্থছাড় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী বাজেটের আগে সংস্থার ষষ্ঠ ও সপ্তম কিস্তির ১৮৬ কোটি ডলার ছাড় হবে না। জুলাইয়ে পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

সম্পর্কিত