একনেকে ৩৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা।

মঙ্গলবার (৯ জুন) মন্ত্রিসভার সচিবালয় কক্ষে একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৫টি নতুন, ৩টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে।

সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পানি সম্পদ, ভূমি, পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন ও সেতু, জনপ্রশাসন, স্বাস্থ্য, প্রতিরক্ষা, শিক্ষা এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ, আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প এবং ঢাকা সিএমএইচ-এ ক্যান্সার সেন্টার নির্মাণ প্রকল্প।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা ও তথ্য সিস্টেম উন্নয়ন এবং ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্পও অনুমোদন পেয়েছে।

পরিকল্পনামন্ত্রী সভায় ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত আরও ৬টি প্রকল্প সম্পর্কে অবহিত করেন, যার মধ্যে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, ডাকসেবা সম্প্রসারণ, সামরিক প্রশিক্ষণ অবকাঠামো, শিশু বিবাহ প্রতিরোধ এবং কৃষি কলেজ স্থাপন প্রকল্প রয়েছে।

সম্পর্কিত