পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশ এক অপরূপ বৈচিত্র্যের দেশ। জাতিগত ও ধর্মীয় এই বৈচিত্র্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার একটি শান্তিকামী, সত্যনিষ্ঠ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন,
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। আমরা এমন একটি দেশের স্বপ্ন দেখছি, যেখানে ধর্মনিরপেক্ষতা, জনগণের সঙ্গে জনগণের সুসম্পর্ক এবং সামাজিক সংহতি বজায় থাকবে।
তিনি আরও বলেন, সরকারের অন্যতম লক্ষ্য একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। উপস্থিত সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই দেশ আমাদের সবার। কেউ এককভাবে বা নিজের খেয়ালখুশিমতো দেশের ক্ষতি করতে পারবে না। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে উপদেষ্টা চাকমা বলেন, ধর্মীয় সহাবস্থান ও উৎসবের আমেজই এ দেশের সামাজিক শক্তির মূল ভিত্তি।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এবং নেপালি দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর দাওয়া ছেরিং। অনুষ্ঠানের শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।