মুষলধারে বৃষ্টিতে রাজধানীতে চরম জলাবদ্ধতা ও যানজট

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সকাল ১০টার পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। হঠাৎ এমন ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী ও ঈদে ঘরমুখো হাজারো যাত্রী।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয়। ঈদযাত্রায় বের হওয়া যাত্রীরা দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকেন। বাসস্ট্যান্ড ও টার্মিনালগুলোতে ছাতা হাতে অপেক্ষা করতে দেখা যায় অসংখ্য মানুষকে। অনেকেই ভিজে কষ্ট করেই গন্তব্যের উদ্দেশে রওনা হন।

অন্যদিকে, বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন রাজধানীর পশুর হাটে আসা ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে আসা ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে হাটের অনেক জায়গায় পানি জমে গেছে। এতে পশু রাখা, খাবার দেওয়া এবং ক্রেতাদের চলাচলে চরম সমস্যা দেখা দেয়। জলাবদ্ধতার কারণে পশু কেনাবেচাও ব্যাহত হচ্ছে।

বিশেষ করে যমুনা ফিউচার পার্কের সামনে, মিরপুর কালশি রোড, মিরপুর-১০, কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও ড্রেন উপচে নোংরা পানি রাস্তায় উঠে আসে।

একজন সিএনজি যাত্রী বিলকিস বেগম (৪৫) বলেন, তিনি সায়েদাবাদ থেকে সাতক্ষীরা যাওয়ার জন্য টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু বিশ্বরোড এলাকায় পানি জমে থাকায় তার সিএনজি নষ্ট হয়ে যায়। এতে তিনি ও তার সঙ্গে থাকা শিশুরা চরম বিপাকে পড়েন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সামান্য বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, কিন্তু এর কোনো কার্যকর সমাধান নেই।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে একই পরিস্থিতি দেখা যায়। অল্প বৃষ্টিতেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যায়, অথচ দীর্ঘদিনেও স্থায়ী সমাধান হয়নি। ঈদকে সামনে রেখে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে জলাবদ্ধতা ও যানজট পরিস্থিতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সম্পর্কিত