বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ এবং একাধিক শ্রমিককে আটক করা হয়। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর দক্ষিণ উপজেলা-এর পদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আন্দোলনের খবর পেয়ে হাইওয়ে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ১৫ জন শ্রমিক আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়।
শ্রমিকরা জানান, নাসা গ্রুপসহ তিনটি প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ শ্রমিকের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ পাওনা টাকা পরিশোধে গড়িমসি করছে এবং বিষয়টি নিয়ে আলোচনায়ও শ্রমিকদের অন্তর্ভুক্ত করা হয়নি।
তারা আরও বলেন, “আমাদের পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। অন্যথায় আবারও মহাসড়ক অবরোধ করা হবে।” একই সঙ্গে লাঠিচার্জের ঘটনায় তারা নিন্দা ও বিচার দাবি করেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে অবরোধ তুলে নিতে বলা হলে শ্রমিকরা পুলিশের ওপর হামলা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, দুপুর পৌনে ১২টা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
এদিকে হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম খান বলেন, অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।