তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের পূর্ণ সমর্থন: এ্যানি

স্টাফ রিপোর্টার
 ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং উত্তর-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন,

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ প্রকল্পে চীনের কারিগরি সহযোগিতা ও পূর্ণ সমর্থন পাওয়া গেছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নদীভাঙন, পানির সংকট ও বন্যার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে দেশের লাখো মানুষ। তিস্তা, পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্রসহ প্রায় চার হাজার কিলোমিটার নদীভাঙনপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষের জীবনে অনিশ্চয়তা নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এসব মানুষের স্থায়ী সমাধান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি জানান, তিস্তা পাড় পরিদর্শনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন,

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে তিস্তা প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে। চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের তিস্তা সমস্যার স্থায়ী সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি চীন সরকার বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনার উন্নয়নেও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে চীন সম্মত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ বিশেষজ্ঞ দল গঠন করেছে এবং প্রয়োজনীয় সমীক্ষার কাজ শুরু হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে বিশ্বমানের প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

পদ্মা ব্যারেজ প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া হবে। দ্রুত টেন্ডার প্রক্রিয়াও শুরু হবে।

তিনি বলেন, শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানির অভাবে উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষকরা প্রতিবছর বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে কৃষি, সেচ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি, সেচ, নৌ-যোগাযোগ এবং সামগ্রিক অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আসবে।

সম্পর্কিত