বাস ভাড়া ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী সমিতির

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।

বিবৃতিতে অভিযোগ করা হয়, জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে পুঁজি করে বাস মালিক সমিতির প্রভাবশালী নেতারা সরকারের সঙ্গে সমন্বয় করে একচেটিয়াভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করছেন। এমনকি রাতের আঁধারে গোপন বৈঠকের মাধ্যমে ভাড়া বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করা হয়।

মোজাম্মেল হক চৌধুরী বলেন,

গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যমকে এড়িয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর দপ্তরে গোপনে ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে, যা উদ্বেগজনক।

তিনি জানান, অতীতে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস ভাড়াও কমানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ডিজেলের দাম প্রতি লিটার ১৫ টাকা বাড়ায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, এর বেশি ভাড়া বাড়ানোর চেষ্টা করা হলে তা জনরোষ সৃষ্টি করতে পারে এবং সরকারের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ অবস্থায় অতিরিক্ত ভাড়া বৃদ্ধির উদ্যোগ থেকে বিরত রাখতে এবং বিষয়টি যৌক্তিকভাবে নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সম্পর্কিত