৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আবাসিক গ্রাহকদের জন্য ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে এই শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে পূর্বের বিদ্যুৎ মূল্যহারই বহাল থাকবে।

বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক লাইফলাইন গ্রাহক (শূন্য থেকে ৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের (শূন্য থেকে ৭৫ ইউনিট) বিদ্যুতের বর্ধিত মূল্যহার কার্যকর না করে আগের মূল্যহার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকল বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির আবাসিক লাইফলাইন গ্রাহকদের জন্য শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের এনার্জি রেট বা চার্জ নির্ধারিত থাকবে ইউনিটপ্রতি ৪ টাকা ৬৩ পয়সা।

এছাড়া আবাসিক প্রথম ধাপে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের এনার্জি রেট বা মূল্য হবে ইউনিটপ্রতি ৫ টাকা ২৬ পয়সা।

বিইআরসি জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর আয় কিছুটা কমে যাবে। তবে সেই ঘাটতি সরকার অতিরিক্ত ভর্তুকি প্রদান করে সমন্বয় করবে।

সংস্থাটি আরও জানিয়েছে, জুন মাসের বিল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এর আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণার পর নিম্ন আয়ের গ্রাহকদের ওপর বাড়তি চাপের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছিল। নতুন সিদ্ধান্তে লাইফলাইন ও স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকরা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত