বাংলাদেশের ওষুধ এখন রপ্তানি হচ্ছে ১৪০ দেশে

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওষুধ বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে এবং ভবিষ্যতে দেশে টিকা উৎপাদন শুরু হলে এ খাতের পরিসর আরও সম্প্রসারিত হবে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবার সহায়তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “১৪০টি দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। দেশে টিকা উৎপাদন শুরু করা গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের স্বাস্থ্যখাতের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, ওষুধ শিল্পকে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন মন্ত্রণালয়কে কার্যক্রম সম্প্রসারণ ও সেবার পরিধি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে স্বাস্থ্য খাতেও নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, আসন্ন ডেঙ্গু মৌসুম মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। চিকিৎসকদের প্রশিক্ষণ, চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, গত তিন মাসে স্বাস্থ্য খাতে কৌশলগত বিভিন্ন পরিবর্তন এসেছে এবং সংশ্লিষ্ট সবাই দেশের স্বার্থে সমন্বিতভাবে কাজ করছেন।

সম্পর্কিত