পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১১৩টি ফ্লাইটে ৪৪ হাজার ৯৫৫ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৮৪ জন।
সোমবার (৪ মে) সকালে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।
বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫২টি ফ্লাইটে ২১ হাজার ৩০১ জন, সৌদি এয়ারলাইন্সের ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন এবং ফ্লাইনাসের ২০টি ফ্লাইটে ৮ হাজার ২২৯ জন হাজযাত্রী সৌদি আরবে গেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ওই ফ্লাইটের উদ্বোধন করেন সরকারপ্রধান।
হজ অফিস সূত্রে জানা গেছে, মোট হাজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন শেষ ফ্লাইট ঢাকায় পৌঁছাবে।