ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দিবসটির তাৎপর্য তুলে ধরতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। এরপর আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান মূল বক্তব্য রাখেন। তিনি ২৫ মার্চ কালরাতের নৃশংস হত্যাকাণ্ড এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম গণহত্যার শিকার শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের দ্বারা সংঘটিত গণহত্যা বিশ্বের নৃশংস ও নারকীয় গণহত্যাগুলোর অন্যতম।” তিনি ভবিষ্যতে শান্তির বাংলাদেশ বিনির্মাণ এবং বিশ্বে মানবাধিকার সমুন্নত রাখার জন্য এ গণহত্যাকে দেশ-বিদেশে তুলে ধরার গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান নাসির উদদীন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।