জাল নোট রোধে কঠোর আইন আনছে সরকার

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে জাল নোটের প্রচলন রোধে শক্তিশালী আইনগত কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এ লক্ষ্যে একটি খসড়া আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জাল নোট প্রতিরোধে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন, শক্তিশালী আইন এবং সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে জাল নোটের প্রবণতা নিয়ন্ত্রণ ও নির্মূল করা সম্ভব হবে।

সংসদ সদস্য মো. জালাল উদ্দিন তার নোটিশে অভিযোগ করেন, নতুন ডিজাইনের ব্যাংক নোটে ত্রুটি ও নিরাপত্তা বৈশিষ্ট্যের ঘাটতির কারণে জাল নোটের প্রবণতা বেড়েছে। তিনি এ বিষয়ে সংসদীয় কমিটি গঠনের প্রস্তাবও দেন।

এর জবাবে অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত আইনে জাল নোট তৈরি বা মুদ্রার অনুকরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য উন্নত করছে এবং বাজারে মানসম্মত নোট সরবরাহ নিশ্চিত করছে।

অর্থমন্ত্রী জানান, নতুন সিরিজের ব্যাংক নোট ইতোমধ্যে চালু হয়েছে, যা দেশের ঐতিহাসিক ঐতিহ্য ও স্থাপত্য থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। এসব নোটে আগের তুলনায় উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

এছাড়া জনগণকে নতুন নোটের বৈশিষ্ট্য সম্পর্কে গণমাধ্যম ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত