পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর স্বাভাবিক গতি-প্রকৃতি অনুযায়ী খাল খনন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে সিইজিআইএসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের স্বার্থ ও উন্নয়নের জন্য সিইজিআইএসের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রতিষ্ঠানটির কার্যক্রম বুদ্ধিভিত্তিক ও কারিগরি হওয়ায় গবেষণা, পেশাগত দক্ষতা, খাল খনন, টেকসই বাঁধ নির্মাণ এবং পানিসম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।
তিনি আরও বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনা ও খাল পুনঃখনন কার্যক্রমের জন্য একটি নির্ভরযোগ্য ডাটাবেইজ তৈরি করা জরুরি। এ ক্ষেত্রে সিইজিআইএসকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০২ সালে সিইজিআইএসকে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপ দিয়েছিলেন। বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে আরও বেশি মনোযোগ দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে। তিনি ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়ন, ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি এবং ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে সিইজিআইএসের কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
সিইজিআইএসের নির্বাহী পরিচালক মোতালেব হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।