এডিপির ধীর বাস্তবায়ন অর্থনীতির বড় বাধা: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
 ছবি: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমী
ছবি: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমী

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিগত সরকারের সময়ে দেশের উন্নয়ন ব্যবস্থায় তৈরি হওয়া সংকট থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার ও পুনর্গঠন করে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কম বাস্তবায়ন হার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ উন্নয়ন প্রকল্পই ধীরগতিতে এগোচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ায় প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়নে নানা জটিলতা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে।

তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে ঢাকায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে। লক্ষ্য হচ্ছে উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন হার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। এ জন্য কেন্দ্রীয় পর্যায় থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও কাঠামোগত সংস্কারের পাশাপাশি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কার্যক্রম ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যরা এলাকার মানুষের প্রয়োজন ও চাহিদা সম্পর্কে ভালোভাবে জানেন। তাই জনস্বার্থকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

এর আগে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দের আওতায় ১৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

পরে পৌরসভা মিলনায়তনে জেলা পরিষদের অর্থায়নে জিপিএ-৫ পাওয়া ৯১ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত